সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ নভেম্বর শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এরপর ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করে পরদিন ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর প্রার্থিতার বিষয়ে আপিলগ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই তফসিল অনুযায়ী হল সংসদ নির্বাচনও হবে। ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এদিকে শাকসু নির্বাচন এগিয়ে আনার দাবিতে আন্দোলন করছে ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন। এই দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে পরদিন ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করে রাখে তারা। তবে ছাত্রদলের পক্ষ থেকে ১৭ ডিসেম্বরের ভোটগ্রহণকে আগেই স্বাগত জানানো হয়।
প্রসঙ্গত গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে শাবি উপাচার্য প্রফেসর এএম সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করে ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন আন্দোলনে নামে।
