নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর শিক্ষকরা। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তারা।
সোমবার (১৯ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মিলনায়তনে ইউটিএলের সাস্ট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউটিএলের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন নির্ধারিত সময়েই এই নির্বাচন আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবি বিবেচনায় নিয়ে নির্বাচন সম্পন্ন হবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা নির্বাচন আয়োজন ও পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিছু শিক্ষক অসহযোগিতার কথা বললেও আমরা মনে করি, অধিকাংশ শিক্ষকই শাকসু নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আমরা কোনো শিক্ষককে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে মন্তব্য করিনি। যারা নির্বাচন বিষয়ে অসহযোগিতার কথা বলেছেন, তাদের প্রতিও আমাদের অনুরোধ—শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাই একসঙ্গে এগিয়ে আসুন। সকল শিক্ষক মিলে আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।
সংবাদ সম্মেলনে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. জামালুদ্দিন, অধ্যাপক ড. অহিদুজ্জামানসহ ইউটিএলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
