রিয়ার সই 'জাল' করে অভিযোগ, চিঠি তাহলে দিল কে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

এ যেন সপ্ত কান্ড রামায়ণ পাঠের পর সীতা কার পিতা? চিঠি পেয়ে চিঠির প্রেক্ষিতে তদন্ত করে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জানা গেল চিঠিতে অভিযোগকারীর সাক্ষরই জাল। এমন অভিনব জালিয়াতিই ঘটেছে জাতীয় ক্রীড়া পরিষদে।

নারী ক্রিকেটে অনিয়মের অভিযোগে একটি চিঠি পায় এনএসসি, সেই চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে ব্যাখ্যা জানতে চেয়েছিল সংস্থাটি। জবাবে বিসিবি এই বলে ব্যাখ্যাও দিয়েছে যে তারা সবকিছু যাচাই–বাছাই করে কোনো অনিয়ম খুঁজে পায়নি।

তবে মজার ঘটনা ঘটে এরপরে যখন কথিত অভিযোগদাতা রিয়া আক্তার ফেসবুকে জানান যে তিনি আদৌ কোন অভিযোগ করেন নাই! রিয়া ফেসবুকে লিখেছেন, 'এ রকম কোনো চিঠি আমি দিইনি। চিঠিতে যে স্বাক্ষর, সেটিও আমার নয়। আমার স্বাক্ষর নকল করে কেউ আমার নামে চিঠিটা দিয়েছে।’

নিজের অবস্থান পরিষ্কার করে রিয়া জানান, 'এটা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া, বিষয়টা পরিষ্কার করার জন্য আমি নিজেই পোস্টটা করেছি। ওই চিঠি আমার নয়।’ স্ট্যাটাসে রিয়া লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই এই চিঠির বিষয়ে জিজ্ঞাসা করেছেন, তাদেরকে পূর্বেও বলেছি, এই চিঠি আমি প্রদান করিনি, আজকে সবার উদ্দেশে আমি এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় ক্রীড়া পরিষদে আমি এমন কোনো চিঠি প্রদান করিনি। এখানে ব্যবহৃত আমার স্বাক্ষরটাও নকল করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত আমার যে স্বাক্ষর আছে, সেটা সংযুক্ত করে দিয়েছি।’

ফেসবুক পোস্টে আলোচিত সেই চিঠির সঙ্গে নিজের আসল স্বাক্ষরের নমুনাও প্রমাণ হিসেবে যুক্ত করেন রিয়া। রিয়ার সই নকল করে নারী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে এনএসসির নির্বাহি পরিচালকের কাছে এই অভিযোগ জমা দেয়ার প্রসঙ্গই উঠে আসছে রিয়ার ফেসবুক পোস্টের পর। দিনাজপুরের খেলোয়াড় রিয়া সবশেষ ২০২৩ সালে অনূর্ধ ১৯ নারী বিশ্বকাপে খেলেছেন। বিসিবিতে সাক্ষর জালের কান্ড নতুন নয়। নির্বাচনের সময় কানাডা প্রবাসী ক্রিকেটার হালিম শাহ এর সাক্ষর জাল করে তামিম ইকবালের নামে অভিযোগ এনে চিঠি পাঠানো হয় বিসিবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত