লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ছোট কাউছারসহ ১৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নিহতের স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন লতিফপুর এলাকার শাহ আলমের ছেলে ইমন হোসেন, মমিন উল্যাহর ছেলে আলমগীর হোসেন ও নুরুল আমিনের ছেলে হুসাইন কবির সেলিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজিম নোমান। তিনি জানান, আটক তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রধান অভিযুক্তসহ অন্যদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউছার। এরপর রাত ৯টার দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে ‘আউট’ লিখেছেন। নিহতের পরিবার অভিযোগ করছে, এটি হত্যা ঘটনাকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

কাউছার হোসেন জানিয়েছেন, ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনও সম্পর্ক নেই। তিনি দাবি করেছেন, ঘটনার সময় তিনি লতিফপুর বাজারের মোস্তফার দোকানে ছিলেন এবং কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে ‘আউট’ লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার অভিযুক্ত ছাত্রদলের সদস্য কাউছার হোসেনকে দায়ী করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত