গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন উদ্যোগে চূড়ান্ত সম্মতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১৭ নভেম্বর) হওয়া ভোটে ১৫ সদস্যের মধ্যে ১৩ দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়, আর চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মার্কিন খসড়া প্রস্তাবের মূল অংশে উল্লেখ করা হয়েছে—গাজা পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও শান্তির পরিবেশ পুনর্বহালের লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলো অংশ নিতে পারবে। পাশাপাশি গাজা নিরস্ত্রীকরণ এবং সশস্ত্র অবকাঠামো অপসারণে সহায়তার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবটি অনুমোদনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বলেন, শান্তি বাস্তবায়নের জন্য যে বোর্ড গঠন করা হয়েছে, তার নেতৃত্ব দেবেন তিনি। এটিকে তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি। তাদের মতে, এটি গাজার পুনর্গঠনে সহায়ক হতে পারে। তবে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ পরিকল্পনার ফলে গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া হবে, যা তাদের গ্রহণযোগ্য নয়।
এদিকে ইসরায়েলে এই সিদ্ধান্তকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা জোরালো হতে পারে—যা দেশটিতে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা