গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলার এ ঘটনা ঘটে।
এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল (নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা আমাকে জানান থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
