কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া বন্দি মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে মুরাদ হোসেন (৬৫)। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায়। পরে আদালত তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কারা সূত্রে আরও জানা গেছে, মৃত মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫।

আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত