রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ মোটরসাইকেল শোভাযাত্রা করে শোডাউন করেছেন।
র্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
মঙ্গলবার সকালে মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেল র্যালিটি শুরু হয়।
পরে পবা–মোহনপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র্যালির সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীক।
এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে পবা–মোহনপুরকে দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”
শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদসহ কয়েক হাজার নেতাকর্মী।
উপদেষ্টা মাহফুজের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ