মেটা প্ল্যাটফর্মস যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিট্রাস্ট মামলায় বিজয় লাভ করেছে। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ বাতিলের জন্য করা মার্কিন সরকারের প্রচেষ্টা আদালত খারিজ করে দিয়ে রায় দিয়েছেন যে মেটা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা হওয়া এই রায় বড় প্রযুক্তি ব্যবসা–বিরোধী অ্যান্টিট্রাস্ট অভিযানের বিরুদ্ধে প্রথম বড় জয় এবং মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) জন্য বড় ধাক্কা। প্রতিযোগিতা কমাতে মেটা বিপুল অর্থ ব্যয় করে এসব প্রতিষ্ঠান কিনেছে অভিযোগ তুলে এফটিসি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি বা পুনর্গঠনের দাবি জানিয়েছিল। আদালতের রায়ে হতাশা প্রকাশ করে এফটিসি জানিয়েছে যে তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে।
ফেসবুক প্রতিষ্ঠান ২০১২ সালে ইনস্টাগ্রাম অ্যাপ এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনেছিল । যদিও তখন এফটিসি চুক্তিগুলো আটকে দেয়নি, ২০২০ সালে সংস্থাটি মামলা করে অভিযোগ তোলে যে মেটা পরিবার ও বন্ধুদের মধ্যে কনটেন্ট শেয়ারের বাজারে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে।
মামলায় এফটিসি যুক্তি দেয়—সেই বাজারে মেটার মূল প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র স্ন্যাপচ্যাট ও ছোট অ্যাপ মিউই, আর ইউটিউব, এক্স ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
মেটা পাল্টা যুক্তি দেয় গুগলের ইউটিউব, অ্যাপলের মেসেজিং অ্যাপসহ আরও অনেক প্ল্যাটফর্ম প্রতিযোগিতা তৈরি করছে। পাশাপাশি নতুন বৈশিষ্ট্যে দক্ষ কোম্পানিগুলো কিনে নেওয়া প্রতিযোগিতা রোধ নয়, বরং বৈধ ব্যবসায়িক কৌশল বলেও দাবি করে প্রতিষ্ঠানটি। মেটার দাবি তাদের পণ্য আমেরিকান উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উদাহরণ এবং তারা সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
