হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, থাকছে ৪ সুবিধা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে চারটি নতুন ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। নতুন এসব সুবিধার মাধ্যমে গ্রুপে যুক্ত হওয়া সদস্যরা আগের বার্তা দেখতে পারবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তা দীর্ঘ সময়ের জন্য পিন করে রাখা, নির্দিষ্ট সদস্যকে উল্লেখ করা বার্তা খুঁজে পাওয়া এবং গ্রুপে আলাদা স্ট্যাটাস দেওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলোর মধ্যে একটি বিশেষভাবে কাজে আসবে স্কুল, কলেজ ও অফিসের গ্রুপে। এসব গ্রুপে প্রায়ই গুরুত্বপূর্ণ আলোচনা চলে। আলোচনার মাঝপথে নতুন কেউ যুক্ত হলে আগের কথোপকথন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে নতুন সদস্যদের জন্য চ্যাট হিস্ট্রি বা আগের বার্তা দেখার সুবিধা চালু করা হচ্ছে। ফলে গ্রুপে যোগ দেওয়ার পর আগের আলোচনাগুলো দেখে সহজেই বিষয়বস্তু বুঝতে পারবেন তারা।

দ্বিতীয় ফিচারটির মাধ্যমে গ্রুপ চ্যাটে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্ট কালের জন্য পিন করে রাখা যাবে। বর্তমানে ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৩০ দিনের জন্য বার্তা পিন করার সুযোগ রয়েছে। নতুন সুবিধা চালু হলে ‘ফরএভার’ অপশন ব্যবহার করে প্রয়োজনীয় বার্তা স্থায়ীভাবে পিন করে রাখা যাবে।

তৃতীয় ফিচারটি গ্রুপের নির্দিষ্ট সদস্যের বার্তা খুঁজে পেতে সহায়তা করবে। নতুন এ সুবিধায় ব্যবহারকারীর নামের ভিত্তিতে বার্তা ফিল্টার করা যাবে। কোনো সদস্যকে উল্লেখ (মেনশন) করে পাঠানো বার্তাগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। এতে গ্রুপের দীর্ঘ কথোপকথনের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য বের করা আরও সহজ হবে।

এ ছাড়া গ্রুপে স্ট্যাটাস দেওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে। গ্রুপের সদস্যরা নিজেদের স্ট্যাটাস সেখানে শেয়ার করতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো গ্রুপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পাশাপাশি গ্রুপের সদস্যরা এসব স্ট্যাটাসে প্রতিক্রিয়াও জানাতে পারবেন।

নতুন চারটি ফিচার চালু হলে গ্রুপে যোগাযোগ, পুরোনো আলোচনা অনুসরণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত