পার্বতীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে। 

অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় পার্বতীপুর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদী হাসান (রাজু), ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক প্রমুখ।

হাসপাতালের ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না বলেন, “১০ম গ্রেড আমাদের অধিকার, দাবি নয়, এটি আমাদের পাওনা। 

স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতি শুরু হবে। 

দেশে ডিপ্লোমাধারী কর্মকর্তারা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য কেন? 

একই কারিকুলামে পড়াশোনা করে এবং একইভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও ফার্মাসিস্টরা যথাযথ পদমর্যাদা পাচ্ছেন না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত