নামের আগের এমবিবিএস শব্দ ব্যবহার করলেও এর অর্থ জানেন না ডাক্তার! শুনে অবাক লাগলেও নেত্রকোনায় এমনই এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। প্রাকবীন সাংমা নামের এই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার ফান্দা এলাকায় ব্যাক্তিগত চেম্বার খোলে চিকিৎসা করে আসছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার ফান্দা এলাকায় তার চেম্বারে অভিযান চালায় প্রশাসন। এই সময় সকল সার্টিফিকেট জাল হিসেবে প্রমাণিত হয় এমনকি এমবিবিএস অর্থই বলতে পারেন না তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামে এক যুবক। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গ্রামের সাধারণ রোগীদের বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ঔষধ লিখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমার ব্যাক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ফান্দা বাজারে প্রাকবীন সাংমা নামে একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবৎ রোগীদের প্রতারিত করে আসছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে দেখি তার সকাল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানেন না। পরবর্তীতে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
