ঘাটাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

ঘাটাইলে তুচ্ছ ঘটনায় মাদকাসক্ত ছেলে আসলামের (৩৫) হাতে খুন হয়েছেন আরশেদ আলী (৮০) নামের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের দুর্গম এলাকা হামকুড়া গ্রামে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার এস এম মালেক জানান, বৃদ্ধর ছেলে আসলাম একজন নেশাগ্রস্ত। বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া হয়। আমি অনেকবার সালিশ করেছি। সে একাধিক বিয়েও করেছে। কিন্তু কোনো বউ তার কাছে থাকতে পারে নাই।

ঘটনার সময় সকাল সাড়ে ৯টার দিকে বাবা আরশেদ আলী বাড়ির বাহিরে রোদে বসেছিল। পাশের বাড়ির লাল মিয়া নামে এক ব্যক্তিকে তার দা চুরি করে নিয়েছে এমন কথা বললে সে তার দা নিয়ে আসলামের বাবার কাছে গিয়ে বলে এটা আমার দা। অথচ আসলাম আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে।

তখন বৃদ্ধ তার ছেলেকে (আসলাম) বলছিল, অহেতুক কাউকে চোর বলা ঠিক না। এ কথা বলার সঙ্গে সঙ্গেই কাছেই থাকা একটি বাঁশের খন্ড দিয়ে তার বাবার মাথায় কয়েকবার আঘাত করে। এতে মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে ওই বৃদ্ধ মারা যায়। 

প্রতিবেশী সোহরাব জানান, ছেলেটা নেশাগ্রস্ত। মাঝে মধ্যেই বাবার সঙ্গে ঝগড়া হত। ছেলের হাতে পিতা নির্মম ভাবে খুন হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বাঁশের লাঠি দিয়ে পেছন দিক থেকে বাপের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। আসামি ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত