অতীত গৌরব হারিয়ে ফেলেছে ইতালির ফুটবল। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দেশটি এখন বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারে না! দেশটির ইতালিয়ান ফুটবলের দীর্ঘদিনের পতন ও ক্রমাগত ব্যর্থতার জন্য দেশের রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাব এবং গাফিলতিকেই দায়ী করেছেন জাতীয় দল ব্যবস্থাপনার প্রধান তথা কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন।
২০১০ বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরে বুফন বলেছিলেন—‘ইতালির ভালো দিন ফুরোচ্ছে। সামনে কঠিন সময়’। এবার গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই তিনি স্মরণ করিয়ে দেন, ‘আমি তখনই বুঝেছিলাম আমাদের কল্পনার চেয়ে দ্রুতগতিতে সবকিছু বদলে যাচ্ছে। আমরা ভুল করেছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেইনি। তখনই বুঝতে পেরেছিলাম, কয়েক বছর পর আমরা বিশ্বকাপ জয় নয়, কোয়ালিফাই করেই উদযাপন করব!’
বুফনের মতে, ইতালি নিজের অতীত গৌরবে আটকে আছে। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বীরা মাটিতে পা রেখেই এগিয়ে গেছে। কিংবদন্তি এই গোলকিপারের ভাষায়, ‘ইতালি এখনো ইতিহাসের ভারে আটকে আছে। আমরা ভাবি সব অর্জন আমাদের প্রাপ্য। কিন্তু ফ্রান্স ত্রিশ বছর ধরে শক্তিশালী, স্পেন প্রায় বিশ বছর। ওরা বর্তমানে বাঁচে; আমরা অতীতে।’
দেশের ফুটবলের এই দুরাবস্থার জন্য রাজনীতিবিদদের দায় দিয়েছেন বুফন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকা ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। দেশের রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাব এবং গাফিলতিতেই এটা সম্ভব হয়নি। বুফনের ভাষায়, ‘গভীর সংস্কার করতে হলে সাহস লাগে। কিন্তু রাজনীতি ভোটের দিকে তাকিয়ে থাকে—আজকে কী জনপ্রিয়, কীভাবে সমর্থন মিলবে—সেদিকেই বেশি গুরুত্ব।’
ইতালিয়ান ফুটবলের দীর্ঘদিনের এই ভাঙন কোথায় এসে থামবে—এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বুফনের এই মন্তব্যে। শেষে কিংবদন্তি এই গোলকিপার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘যদি এখনই ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল পরিকল্পনা গ্রহণ না করা হয়, তাহলে দশ বছর পরও আরেকজন বুফন একই কথা বলবে। প্রশ্নগুলোও হবে একই, উত্তরও হবে এটাই।’
তাইজুলকে দুর্ভাগা বললেন আশরাফুল
২৫০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশির ঝুলিতে ৪০০ উইকেট দেখতে চান সাকিব