সমালোচনার মুখে ‘বাজবল’: বিশ্বাস রাখতে বললেন ম্যাককালাম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

মাত্র দুই দিনেই অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটের লজ্জাজনক পরাজয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং বিশেষ করে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের মুণ্ডুপাত চলছে। ব্যাপক সমালোচিত হচ্ছে ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল। অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপর্যয়ের পর অবশেষে মুখ খুললেন দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সমর্থকদের বললেন বিশ্বাস রাখতে।

পার্থে টেস্টে ইংল্যান্ডের আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল পুরোপুরি ব্যর্থ হয়। ব্যাটিং ধস, পরিকল্পনা প্রয়োগে ব্যর্থতা আর নির্বিষ বোলিং—সব মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচ হেরে বসে বেন স্টোকসের দল। সামনে আরও চারটি টেস্ট, যার মধ্যে আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনের ডে-নাইট টেস্টটিকে সিরিজে ফেরার সুযোগ হিসেবে দেখছে ইংল্যান্ড। এমন আবহে ক্রিকেটার এবং সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন ম্যাককালাম।

তিনি বলেন, ‘বিশ্বাস রাখুন। কিছুদিন আমরা মার খাব, তখন দেখতে খারাপ লাগতে পারে। কিন্তু এই মানসিকতা আমাদের জেতার ক্ষমতায় বিশ্বাস জোগায়। সব সময় আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি না—তবে আমরা যা বিশ্বাস করি সেটায় অবিচল থাকতে হবে। এক ম্যাচ হারলেই আমাদের দর্শন বদলানোর প্রয়োজন নেই। শান্ত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে এবং সিরিজে ফেরার পথ খুঁজে বের করতে হবে। আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ফিরে এসেছি।’

অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের রেকর্ড ভয়াবহ। গত ১৬টি টেস্টে একটিতেও জয় নেই, ১৪টি হার, ২টি ড্র। পার্থ টেস্টও একই কাহিনির পুনরাবৃত্তি ঘটেছে। প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬০ রান থেকে মাত্র ১২ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ১ উইকেটে ৬৫ রান থেকে হঠাৎ ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনআপে। ব্রিসবেনে পিংক বল টেস্টের আগে এসব ভুল শুধারতে হবে স্টোকসদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত