ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ভোলাবাসীর প্রাণের দাবির সেতু দ্রুত নির্মাণ করে বরিশালের সঙ্গে যোগাযোগ সহজ করার আহ্বান জানান।
সোমবার বেলা ১২টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালস্থ ভোলাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলাবাসী সেতুর দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও বিষয়টি নিয়ে টালবাহানা করছে।
ভোলাবাসী ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করে ছাড়বে বলে জানান তারা। বক্তারা ভোলাবাসীর দাবির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালবাসীকেও পাশে থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশালস্থ ভোলাবাসীর পক্ষে বিএম কলেজ শিক্ষার্থী কামরুল ইসলাম, মাহমুদুল হাসান সাকিব, মো. হাসনাইন, শান্ত ইসলাম, বরিশাল সরকারি কলেজের তারিকুল ইসলাম, হাতেম আলী কলেজের আলিম তালুকদার, চাকরিজীবী ইসলাম হোসেন পারভেজ প্রমুখ।
