স্কুলিং কাঠামোর বিরুদ্ধে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

ঢাকা কলেজকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং কাঠামোর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে এই বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিং-এর ঠাঁই নাই’, ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজের নিজস্ব ইতিহাস, পরিচিতি ও শিক্ষার পরিবেশ রয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানকারী এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত স্কুলিং কাঠামো যুক্ত হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। তাদের দাবি, শিক্ষার্থীদের মতামত না নিয়েই এমন প্রস্তাব দেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, নতুন কাঠামো চালু হলে কলেজের বিভিন্ন কার্যক্রমে চাপ বাড়বে। ল্যাবরেটরি, ক্লাসরুম ও অন্যান্য সুবিধা ব্যবহারে সমস্যা সৃষ্টি হবে। এতে উচ্চমাধ্যমিক শিক্ষার মান ক্ষুণ্ণ হতে পারে। তাদের মতে, একটি সরকারি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজে স্কুলিং কাঠামো বসানো অযৌক্তিক।

শিক্ষার্থীরা আরও জানান, ঢাকা কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, প্রস্তাবটি দ্রুত বাতিল না হলে তারা আরও বড় কর্মসূচি ঘোষণা করবে।

গত ২৩ নভেম্বরও একই দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি সৃষ্টি না করে দায়িত্বশীল আচরণ ও শিক্ষাকার্যক্রম যাতে না ব্যাহত হয় সে বিষয়ে সবার সচেতন থাকার আহ্বান জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত