গাইবান্ধায় শিয়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিয়ালের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় শিয়ালটি পবাদিপশুর ওপর আক্রমণ করে। এতে বেশবটি গরু আহত হয়।

গত সোমবার উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে হঠাৎ একটি বন্য শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় শিয়ালটি সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। এসময় শিয়ালটি বেশ কয়েকটি গরুকেও কামড় দেয়। লোকজন আতঙ্ক ছুটাছটি শুরু করে। শিয়ালটি মুহূর্তের মধ্যে ওই গ্রামের অন্তত ১০ জনকে কামড় দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন, সরকারপাড়া এলাকার আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুন (৮), ওমর ফারুক (৪৫), আনোয়ার (৩৪), জাহাঙ্গীর (৪৫)।

ওমর ফারুক বলেন, ‘সন্ধ্যার আগ দিয়ে ধানের জমিতে কাজ করছি। হঠাৎ চিল্লাচিল্লি। একটু পরেই একটি শিয়ালের মতো দেখতে আমার সামনে আসে। আমাকে কামড় দেওয়ার চেষ্টা করে। আমার হাতে কাস্তে ছিল, সেটা দিয়ে আক্রমণ ঠেকানোর চেষ্টা করছি। তাই পায়ে জোড়ে কামড় বসাতে পারেনি। তবে খুবই ভয় পেয়েছি।’

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে সদরে অথবা নিকটস্থ কোথাও পাওয়া গেলে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’

এলাকাবাসীর অভিযোগ, বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ার কারণেই দ্রুত লোকালয়ে বন্য শিয়ালের এমন আক্রমণের ঘটনা ঘটছে। এতে বন্যপ্রাণীরা খাদ্যের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে এবং এমন ঘটনা বাড়ছে।

ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন বিভাগের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী। তিনি জানান, আহতদের সবাই চিকিৎসা নিয়ে বাড়িতে সুস্থ আছে। শিয়ালটি সম্ভাব্য পাগল ছিল। তাই ঘটনার পর এলাবাসি মিলে ধাওয়া দিয়ে শিয়ালটিকে পিটিয়ে মারা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত