গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হঠাৎ করে অনির্দিষ্ট কালের জন্য একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে একটি সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
এলাকাবাসী, কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক ওই কারখানা বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ মর্মে কর্তৃপক্ষ ওইদিন সন্ধ্যায় কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন। হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিক বৃন্দ কর্তৃক কিছু অযোক্তিক দাবি উত্থাপন করেন।
এ লক্ষ্যে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে। এসময় শ্রমিকরা চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবগতি ঘটে।
এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানী কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানী কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের সামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে কারখানাটি থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হল।
ওই নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।
এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যাক্তিগণ এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়। পরের দিন মঙ্গলবার সকালে কাজে যোগদানের জন্য এসে কারখানার কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানানো দেখতে পান শ্রমিকরা।
এসময় তারা হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশটি দেখে উত্তেজিত হয়ে উঠেন। কারখানা বন্ধের প্রতিবাদ ও খুলে দেওয়ার দাবিতে উত্তেজিত শ্রমিকরা ওই এলাকার মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়কটি অবরোধ করে। এসময় শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে পরিবহন শ্রমিক ও কারখানার শ্রমিকদের মধ্যে বাগবিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা ওই কারখানার মুল ফটকের সামনে বিক্ষোভ করে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
