বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য চলমান নিবন্ধন কার্যক্রম সাতটি দেশে সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিবন্ধন আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে অনেকে ঠিকানা অসম্পূর্ণ বা ভুলভাবে দিয়েছেন, যার কারণে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী নির্দেশনা শিগগিরই জানানো হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ইসির তথ্যানুসারে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
