চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোসের মাঠে দাপট দেখাবে এমন ধারণাই ছিল বেশিরভাগ সমর্থকদের। ঠিকই রিয়াল, আরও স্পষ্ট করে বললে কিলিয়ান এমবাপ্পে দেখালেন দাপট। একাই করলেন চার গোল, হ্যাটট্রিক পূর্ণ করেন ৭ মিনিটের মধ্যে। তবু লস ব্লাঙ্কোসরা পেল ঘাম ঝরানো জয়। রিয়াল ৪-৩ গোলে হারিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে।
চ্যাম্পিয়নস লিগে আগের রাউন্ডে লিভারপুলের মাঠে হেরেছিল রিয়াল। এবার অবশ্য জাবি আলোনসোর দল প্রথমে গোল হজম করেছিল। তবু প্রথমার্ধেই তারা লিড পায়। পরে স্বাগতিকরা দুই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি। স্কোরে যদি লেখা হয় এমবাপ্পে ৪-৩ অলিম্পিয়াকোস, সেটি ভুল হবে না। ম্যাচের ৮ মিনিটে গোল করেন অলিম্পিয়াকোসের পর্তুগিজ মিডফিল্ডার চিকিনহো। এরপর শুধুই এমবাপ্পে ঝলক। ২২, ২৪ ও ২৯ মিনিটে গোল করে তুলে নেন হ্যাটট্রিক। অর্থাৎ সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন রিয়াল তারকা এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এটা তার পঞ্চম হ্যাটট্রিক (রিয়ালের হয়ে তৃতীয়, পিএসজির হয়ে দুটি)। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় এমবাপ্পের ওপরে শুধু লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলের ৭-১ গোলের জয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেন মিসরীয় তারকা। এমবাপ্পে হ্যাটট্রিক করেন ৬ মিনিট ৪২ সেকেন্ডে।
ম্যাচের ৫২ মিনিটে মেহদি তারেমি আরেক গোল শোধ করলে স্কোর ৩-২ হয়। ৫৯ মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। তাতে ব্যবধান বাড়ে। ওই গোলে এক রেকর্ডও করেন এমবাপ্পে, বসেন ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এক ম্যাচে চার গোল করার অর্জনটি এখন শুধু তাদের দুজনের। তবে চ্যাম্পিয়নস লিগের আগের সংস্করণ ইউরোপিয়ান কাপে রিয়ালের হয়ে দুবার করে এক ম্যাচে চার গোল করেন আলফ্রেডো ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাস। ৮১ মিনিটে অলিম্পিয়াকোসের আইয়ুব এল কাবি গোল করলে স্কোর ৪-৩ হয়। বাকি সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-৩-এর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাব রিয়ালের গ্রিসের মাটিতে এটি প্রথম জয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ে এমবাপ্পে বলেন, ‘আবারও জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মতো দলের জন্য তিন ম্যাচ জয়শূন্য থাকাটা অনেক কিছু। ম্যাচটা কঠিন ছিল, এখানে (গ্রিস) জেতাটা কষ্টকর। খুব ভালো লাগছে। গোল করাটা সব সময়ই আনন্দের।’ পাঁচ ম্যাচে ৪ জয় এবং ৭ গোল পার্থক্য নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে পিএসজি।
প্যারিসে পিএসজির ফাইভ স্টার : নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি ৫-৩ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার্সকে। পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা করেছেন হ্যাটট্রিক। ম্যাচের ৪৫, ৫৩ ও ৭৬ মিনিটে গোল করেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি ছিল পেনাল্টি থেকে। এ ছাড়া স্বাগতিকদের বাকি দুটি গোল করেন ফাবিয়ান রুইজ ও উইলিয়ান পাচো। টটেনহ্যামের রিচার্লিসন একটি ও রানডান কোলো মুয়ানি একটি গোল শোধ দেন।
যোগ করা সময়ে ১০ জনে পরিণত হয় পিএসজি। ৯৩ মিনিটে টটেনহ্যামের জাভি সিমন্সকে কনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা পিএসজির লুকাস হার্নান্দেজ।
এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে চার জয় এবং ১১ গোল পার্থক্য নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পিএসজি।
