যশোরে ককটেলসহ যুবক আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

যশোর শহরের শংকরপুর এলাকায় বেনাপোল–খুলনা মহাসড়কের পাশে একটি ককটেলসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৮ নভেম্বর) রাতের ঘটনার পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সড়কের পাশেই কালো টেপে মোড়ানো একটি ককটেল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। দ্রুত কোতোয়ালি মডেল থানার পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে শহরের শংকরপুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম অন্তরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরাফাত তিনজনের নাম প্রকাশ করেছেন। তারা হলেন- গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) এবং মুসা (৩০)। এরা সকলেই যশোরের শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত