শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোজেশ্বর ইউনিয়নের উদ্যোগে বিঝারী উপসী তাঁরাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা ব্যাপক সারা দেখছি। আমাদের ধারণা ১ হাজার ২০০ রোগীকে আমরা স্বাস্থ্যসেবা দিবও। এখানে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনী, ডেন্টাল ও শিশুরোগ বিশেষজ্ঞ এমন ১৭ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যার সমাধান দিতে। আমরা এখান থেকে ফ্রিতে ঔষধও দিচ্ছি। এখানে যারা ভুল ও অপচিকিৎসায় পরে আছে তাদের রাস্তা দেখিয়ে দেয়া হচ্ছে, কি তাদের করতে হবে। নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় এমন ৮টি আয়োজন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বড় পরিসরে আরেকটি আয়োজন করা হবে।

তিনি বলেন, আমরা জানি সরকারের পক্ষে হেলথ্ সিস্টেমকে পুরোপুরি জনগণের সার্ভিস দেয়া সম্ভব না। বর্তমানে ৫৫ ভাগ হেলথ সার্ভিস দিচ্ছে প্রাইভেট সেক্টর। মানুষদের কিছুটা হলেও তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করাই আমাদের টার্গেট। এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আমরা বিগত এক বছরে ১০ হাজার রোগীকে চিকিৎসা দিয়েছি। বিগত ৪০ বছর যাবত আমি আমার এলাকার মানুষদেরকে বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছি।

এ সময় জেলা-উপজেলা, ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত