দুর্নীতি ইস্যুতে বিক্ষোভ ফিলিপাইনে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

ফিলিপিনের রাজধানী ম্যানিলায় দুর্নীতিবিরোধী আন্দোলনের ডাকে লাখো মানুষের বিক্ষোভে প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবি তোলা হয়েছে। রবিবার বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোকে ঘিরে ট্রিলিয়ন পেসো দুর্নীতির অভিযোগে এই জনসমাগম আয়োজিত হয়।   

পিপল’স মুভমেন্ট অ্যাগেইনস্ট করাপশন (কেবিকেক) আয়োজিত এই মিছিলে লুনেটা পার্ক থেকে প্রেসিডেন্টের আবাসনের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা। অনেকেই মার্কোস ও উপ-রাষ্ট্রপতি সারা দুতের্তের কুমিরসদৃশ একটি প্রতিকৃতি বহন করেন। আয়োজকদের দাবি, বিক্ষোভে অন্তত বিশ হাজারের বেশি মানুষ অংশ নেন, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভগুলোর একটি। অভিযোগ উঠেছে, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বরাদ্দ কোটি কোটি পেসো ঘুষ হিসেবে নিয়েছেন ক্ষমতাধর রাজনীতিবিদরা; এর অনেক প্রকল্পই ছিল ত্রুটিপূর্ণ অথবা কখনো বাস্তবায়িতই হয়নি। সাম্প্রতিক দুটি বিধ্বংসী টাইফুনে আড়াই শ এর বেশি মানুষের মৃত্যু জনঅসন্তোষ আরও বাড়িয়েছে। 

বিরোধী নেতাদের দাবি, বাজেট প্রণয়ন ও অনুমোদনের দায়িত্ব মার্কোসের ওপরই ছিল, তাই তিনি দায় এড়াতে পারেন না। তাদের আরও দাবি, মার্কোস ও দুতের্তে পদত্যাগ করলে একটি বেসামরিক অন্তর্বর্তী পরিষদ গঠন করতে হবে, যা দেশকে নতুন রাজনৈতিক পথে এগিয়ে নেবে।
 
সরকার বলছে, প্রেসিডেন্টকে অপসারণের দাবি সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এদিকে প্রায় দশ হাজার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, যার মোট মূল্য পাঁচশ পঁয়তাল্লিশ বিলিয়ন পেসোর বেশি, সেগুলোর তদন্ত চলছে। আইনপ্রণেতাদের হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে শুধুমাত্র এসব প্রকল্পে অন্তত একশ আঠারো দশমিক পাঁচ বিলিয়ন পেসো দুর্নীতিতে লোপাট হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত