আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা আরো এক দফা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের জানান, আউট-অফ-কান্ট্রি ভোটিংয়ের (ওসিভি) জন্য ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বে যা ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, তা এখন ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ মান সময় অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।
আখতার আহমেদ বলেন, নিবন্ধন প্রক্রিয়া ২৪ ঘণ্টা খোলা থাকবে। ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন করা যাবে।
তিনি আরো জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী ইতোমধ্যে এক লাখ ২২ হাজারেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় এক লাখ ছয় হাজার এবং নারী ভোটার ১৬ হাজারের বেশি।
ইসি সচিব বলেন, শুরুর দিকে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। বর্তমানে বিদেশে অবস্থানরত যে কোনো বাংলাদেশী সহজেই নিবন্ধন করতে পারছেন।
এছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য দেশের ভেতরে থাকা পোস্টাল ভোটারদের নিবন্ধনও চালু হবে বলে তিনি উল্লেখ করেন।
