বছরের শেষ ম্যাচে আজ কি হবে সিরিজ জয়?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

অনিবার্য কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যদি মাঠে না গড়ায় এবং বাংলাদেশ যদি সেই সময়টায় কোনো দলকে ম্যাচ বা সিরিজ খেলার আমন্ত্রণ না জানায়, তাহলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই এই বছরে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সব সংস্করণ মিলিয়েই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা আজ খেলতে নামবে বাংলাদেশ, যে ম্যাচটা আইরিশদের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ হেরে, দ্বিতীয়টিতে জিতে সমতা ফিরিয়ে আজ সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি দুই দল। ঘটনাবহুল বছরের শেষ ম্যাচটা আসছে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে বেশ অদল-বদল এসেছে দেশের ক্রিকেট প্রশাসনে। আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলা ছাড়ার পর ক্রিকেটের বৈশ্বিক বিস্তার নিয়ে আইসিসি এবং এসিসির হয়ে কাজ করেছেন। হয়তো সেজন্যই বাংলাদেশের ক্রিকেটকে তিনি ফিরিয়ে নিয়েছেন সেই আইসিসি ট্রফি যুগে! এই বছর বাংলাদেশ আরব আমিরাত, হংকং, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে। আরব আমিরাত এবং আয়ারল্যান্ডের কাছে হেরেছে! ক্রমেই তলিয়ে যাচ্ছে ব্যাটিংয়ের মান, ক্রিকেটাররা মিরপুরের উইকেটের ওপর দোষ চাপালেও ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও রান করতে ব্যর্থ। বরং হারা ম্যাচে রান করে এসে গণমাধ্যমে অহংকার দেখিয়ে যান উঠতি এক ক্রিকেটার।

অধিনায়কের সঙ্গে প্রধান নির্বাচকের প্রকাশ্য বিবাদ গণমাধ্যমের কল্যাণে সবার জানা। অধিনায়কের চেয়ে জাতীয় দলের বাইরের ক্রিকেটারের দাম চড়ে বিপিএলের নিলামে। নিয়মের বাধ্যবাধ্যকতায় জাকের আলি অনিককে দলে নিতে বাধ্য হয়েছে একটি বিপিএল ফ্র্যাঞ্চাইজি, যে জাকেরকে আফগানিস্তান সিরিজে অধিনায়কও করেছে বিসিবি কিন্তু কোনো ভূমিকাতেই তার ব্যাটে রান ফেরেনি। বছর জুড়ে কুৎসিত ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে ২৯ ম্যাচে ১৪ জয় আর ১৪ হার বাংলাদেশের। সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনই বছর জুড়ে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন, শেষ বেলায় মোহাম্মদ আশরাফুল যোগ দিয়েছেন ব্যাটিং পরামর্শক হিসেবে আর সালাহউদ্দিন তাতেই সাজিয়েছেন পদত্যাগ নাটক। এই সিরিজ শেষেই তার দায়িত্ব শেষ, বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এমনটাই, তবে অন্দরমহলের খবর তাকে রেখে দিতে চাইছে বিসিবি আর সালাহউদ্দিনও দায়িত্বে থেকে যেতে রাজি!

এমন একটা বছরের শেষ ম্যাচটা রোমাঞ্চকর না হওয়ার কোনো কারণ নেই। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ভরদুপুরের ম্যাচে ভোরের শিশির, সন্ধ্যার কুয়াশা কারোরই নাক গলাবার সুযোগ নেই। বিপিএলের নিলামে দল পাওয়া আর না পাওয়ার দ্বিধা ঝেরে ফেলেই আজ মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বছর জুড়ে ব্যাটিংটাই ভুগিয়েছে বেশি, তবে শেষ বেলায় গণমাধ্যমের সামনে এলেন পেস বোলিং কোচ শন টেইট। গত বিপিএলে এমন এক ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করিয়েছিলেন, যারা তার বেতনটাই দেয়নি!

বাংলাদেশের সংস্কৃতি খুব দ্রুতই রপ্ত করে নিয়েছেন, তাই তো বিতর্কের ছায়াও মাড়ালেন না। শেষ ম্যাচের দলে কেন শামীম হোসেন পাটোয়ারী ঢুকলেন, আবার তার জায়গায় যাকে নেওয়া হয়েছিল সেই মাহিদুল ইসলাম অঙ্কনও কেন দলে আছেন, এমন প্রশ্নে তার ইয়র্কার, ‘এসব যারা যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’ বিপিএলে পেসারদের কাজের ভার, শারীরিক পরিশ্রম বিশ্রাম এসবের মাত্রা নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে, খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে খুবই আশাবাদী টেইট, ‘তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জ্যেষ্ঠ ক্রিকেটার, ভালো নেতা। তার সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে। সে শুধু একজন ফাস্ট বোলার না, একজন নেতাও। সবাই তাকে অনুসরণ করে। তার সঙ্গে কাজ করতে অনেক ভালো লাগে। তাকে প্রথম দেখার অনেক বছর হয়ে গেছে। এখন সে অনেক ভালো একজন খেলোয়াড়। তার মতো কাউকে দলে পাওয়া সৌভাগ্যের।’ মোস্তাফিজুর রহমান সম্পর্কে টেইটের মূল্যায়ন, ‘ফিজ অভিজ্ঞতায় পরিপূর্ণ। সব কিছু খুব সহজ সরল রাখে। সে জানে তার শক্তির জায়গা। গোটা বিশ্ব জুড়ে খেলেছে। সে নিজের জন্য উঁচু একটা মান ধরে রেখেছে, সবাই ভালো পারফরম্যান্সই আশা করে। সবসময়ই ভালো পারফর্ম করে আসছে এবং সেরা খেলোয়াড়রা এমনই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়, কারণ সে উঁচুমানের খেলোয়াড়।’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেই অবশ্য মোস্তাফিজ উইকেটশূন্য, দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতেছে স্পিনার মেহেদি হাসানের নৈপুণ্যেই। আর তাসকিন তো খেলছেনই না! তাই এত ভালো ভালো কথা বলার পরও মাঠে যখন পারফরম্যান্স নেই, তখন চাকরি বাঁচানোর উপায়টা কী সেটা টেইট বুঝে গেছেন এক বছরেরও কম সময়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত