ইংল্যান্ডকে বাজবলের অহংকার ঝেড়ে ফেলতে বললেন মাইকেল ভন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলকে কৌশল বদলানোর পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আক্রমণাত্মক ‘বাজবল’ ঘরনায় অন্ধভাবে এগোলে চলবে না, বরং কঠিন পরিস্থিতিতে টেস্ট ক্রিকটের ঐতিহ্যবাহী ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রদর্শনীও দেখাতে হবে।

পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে মাত্র দুই দিনেই লজ্জাজনক হারের মুখে পড়ে ইংল্যান্ড। ম্যাচে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের কড়া সমালোচনা হয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার রেকর্ড ভয়ঙ্কর। ১৪টি দিবা-রাত্রির টেস্টের মধ্যে তারা জিতেছে ১৩টি ম্যাচ, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই তিনটি।

বিবিসি রেডিও ফাইভ লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, পার্থে ইংল্যান্ডের খেলায় ‘অহংকার’ ছিল। তার ভাষায়, ‘বল যখন দ্রুত সুইং করছে, তখন বিপদের দিকে দৌড়ানো বুদ্ধিমানের কাজ নয়। একটু পুরনো ধাঁচে খেলতে শিখতে হবে। আমি বলছি না সবাইকে জিওফ বয়কট বা অ্যালাস্টার কুকের মতো সারাক্ষণ রক্ষণাত্মক খেলতে হবে। কিন্তু বল যখন মুভমেন্ট করছে, তখন ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হবে।’

বিশেষ করে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের বিষয়ে ইংলিশদের সতর্ক করেছেন ভন। দিবা-রাত্রির টেস্টে ৮১ উইকেট শিকার করেছেন এই অজি গতি তারকা। গড় মাত্র ১৭.০৯—যা তাকে গোলাপি বলের সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভনের মতে, ‘স্টার্ক সব সময় উইকেট শিকারের জন্য বোলিং করে। আপনি যদি অফ স্টাম্পের বাইরে কিছু বল ছেড়ে দেন, সে বাধ্য হবে স্টাম্পে বল ফেলতে। তখনই সুযোগ আসবে।’

বোলিং বিভাগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভন। চোটের কারণে মার্ক উড এই টেস্টে খেলছেন না। ফলে দলে স্পিনার শোয়েব বশির অথবা অল-রাউন্ডার উইল জ্যাকসকে আনার সম্ভাবনা রয়েছে। তবে ভনের মত, গ্যাবায় স্পিন কার্যকর হবে না। তিনি বলেন, ‘এই কন্ডিশনে ইংল্যান্ডের তেমন মানসম্পন্ন স্পিনার নেই। আমি হলে সব পেসার নিয়েই নামতাম। জশ টং দারুণ উইকেট শিকারি—আমার দলে সে থাকত।’

সিরিজে টিকে থাকতে হলে ব্রিসবেন টেস্টে জয় ছাড়া ইংল্যান্ডের সামনে আর কোনো বিকল্প নেই। এমন ম্যাচের আগে অধিনায়ক বেন স্টোকসের বোলিং নিয়েও মন্তব্য করেছেন ভন। তার মতে, মাঠে নামার পর স্টোকসের আরও আগেভাগে বোলিংয়ে আসা উচিত, ‘পার্থ টেস্টে তাকে আগে বোলিং করানো দরকার ছিল। সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেমনটা একসময় ইয়ান বথাম পারত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত