কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

ঢাকার কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারী নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বড় গ্রাম মাতাব্বর বাজার, হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পথচারী মো. রানা জানান, রাতে আশরাফাবাদ হাইস্কুলের সামনে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে ছিল। দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তিনি তা দেখেননি।

নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচর চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন। রকি একটি মুদি দোকানে কাজ করতো। ভোরে খবর পাই কে বা কারা রকিকে ছুরিকাঘাত করেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের দুই পায়ের উড়ুতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত