লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা।

সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে দোয়া শেষ হয়। ‘আমিন’ ধ্বনিতে কম্পিত হয় টঙ্গীর ময়দান। দোয়ার মুহূর্তে মাঠজুড়ে কান্নার রোল পড়ে। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এবারের জোড়ে ২৭টি দেশের ৭৩২ বিদেশি মেহমান অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়া।

তিনি আরো জানান, জোড় চলাকালে ছয় মুসল্লির মৃত্যু হয়। দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় খুরুয জোড়ের প্রস্তুতিতে বের হন। বাকি মুসল্লিরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত