ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম। এর আগে সকালে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার বিএম নূর-ই-আলম সিদ্দিকীর স্ত্রী কহিনুর আলম (৫০), পিরোজপুরের নাজিরপুর থানার চৌঠাই মহল গ্রামের আলতাফ শেখের ছেলে মনির শেখ (৪৩) ও খুলনার দৌলতপুর থানার আমতলা ঋষিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন রুবেল (৩৫)। তারা সকলে বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখান নেওয়ার সময় দুইজনের মৃত্যু হয় এবং একজন ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতদের পরিচয় সনাক্ত করে ভাঙ্গা হাইওয়ে থানা থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ঢাকা থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের ওপর এসে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের বেশিরভাগ অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা।
এসময় নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেগে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়।
