সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কানুপুর আদর্শগ্রামে বুধবার (৩ ডিসেম্বর) রাতে পরকীয়া প্রেমিক আয়নাল হককে (৪৫) প্রেমিকার বাবা-ভাই পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত প্রেমিক আয়নাল হক ওই গ্রামের বাদশাহ শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ প্রেমিকা সাকিরুন খাতুনের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, সিরিজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম গুড়পিপুল গ্রামের বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সাথে পার্শ্ববর্তী কানপুর উত্তরপাড়ার মৃত বাদশাহ শেখের ছেলে আয়নাল হকের (৪৫) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে পরকিয়া প্রেমিক আয়নাল হক প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করে।
বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাই ও তাদের সহযোগীরা আয়নাল হককে আটক করে বেধড়ক মারপিট করে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর আয়নাল হক তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে সাকিরুনের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারপিট ও হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
এক পর্যায়ে প্রেমিকা সাকিরুনের বাবা ভাইয়েরা আয়নাল হককে আটক করে দ্বিতীয় দফা মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিন টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সাকিরুন খাতুনের দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হককে (২৭) গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
