দেশের অর্থনৈতিক উন্নয়নে এলডিসি থেকে উত্তরণকে প্রকৃত অর্থে কার্যকর অবস্থায় পেতে হলে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তা চিহ্নিতকরণ করতে হবে। এরপর টিকে থাকার জন্য সক্ষমতা অর্জনে স্বল্পতম সময় নিয়ে দ্রুততার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা উচিত। সময়ের বিবর্তনে উন্নয়ন ভাবনায় পরিবর্তন আসতে পারে। কারণ লক্ষ্যমাত্রা স্থিতিশীল থাকে না এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়চিত্ততায় দোদুল্যমানতা কিংবা অপারগতা এসে ভর করতে পারে। সাহায্য গ্রহীতা অধিকাংশ স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে কমবেশি এমনটি হয়। যে কারণে উন্নয়ন সহযোগীদের তরফ থেকে নানাবিধ লোভ দেখানো এবং বাধ্যবাধকতার শর্তারোপ ও খবরদারি সংস্কৃতি গড়ে উঠেছে। কোন দেশ অব্যাহতভাবে অনন্তকাল বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে না। বৈদেশিক সাহায্য সহায়তা সীমিত সময়ের জন্য গ্রহণ করে নিজেকে স্বয়ম্ভর করে তোলাই শ্রেয়। কেননা সহায়তা সবসময় একই পরিমাণে, শর্তে ও উৎস থেকে পাওয়ার সম্ভাবনা থাকে না। বিশে^র আর্থ-রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের ওপর সাহায্য সহায়তা পাওয়ার ক্ষেত্রেও তারতম্য ঘটে থাকে। নব্বই দশকের আগ পর্যন্ত সারা বিশ্ব ছিল দুটি শিবিরে বিভক্ত। বাংলাদেশের মতো প্রার্থী দেশের সংখ্যা তখন ছিল গোটা বিশেকের মতো। দুই শিবিরই চাইত এসব উন্নয়নশীল দেশকে সাহায্য করে নিজেদের প্রভার বলয়ে রাখতে। ফলে সাহায্য সহযোগিতা প্রাপ্তির ব্যাপারে তেমন একটা বেগ পেতে হতো না। ঋণ পেলেও সহজ শর্ত তো ছিলই, এমনকি দ্বিপাক্ষিক ঋণ মওকুফও হয়ে যেত। বহুপাক্ষিক সংস্থা থেকে পাওয়া ঋণের ক্ষেত্রে শর্ত বা খবরদারিও ততটা ছিল না। নব্বইয়ের দশকে ঠাণ্ডা যুদ্ধের অবসানে বিশ্ব এখন এক শিবিরের নেতৃত্বে এবং সাহায্যপ্রার্থী দেশের সংখ্যাও বেড়েছে। এখন বাড়তি খাতির করার যৌক্তিক কারণ আর নেই। ফলে দ্বিপাক্ষিক সহায়তা বেশ কমেছে, এমনকি বহুপাক্ষিক ঋণপ্রাপ্তিও দুরূহ হচ্ছে, ঋণ অনুমোদনের ক্ষেত্রে শর্তও বাড়ছে, খবরদারিও বাড়ছে। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের বর্তমান অবস্থাটা এখন এমন দরিদ্র চাষি রহিম মিয়া। গ্রামের দুই মোড়ল মৃধা আর চৌধুরীর মধ্যে আভিজাত্য আর আধিপত্যের দ্বন্দ্ব বিদ্যমান। রহিম মিয়া চৌধুরী সাহেবের দূর সম্পর্কীয় আত্মীয়। আধিপত্য প্রতিষ্ঠায় লোকবল লাগে। রহিম মিয়া চৌধুরীর লোক। হাতে রাখার জন্য চৌধুরী সাহেব তাকে খাতির করত। চৌধুরীর কাছ থেকে ধার-কর্জ নিলেও তা শোধের ব্যাপারে তেমন তাড়া থাকত না। ইতিমধ্যে মৃধা সাহেবের মৃত্যু হওয়ায় তার ছেলেরা বাপের প্রতিপত্তি বজায় রাখার হিম্মত পায় না। ফলে গ্রামে চৌধুরী সাহেব এখন সর্বেসর্বা। ইদানীং রহিম মিয়া লক্ষ্য করে চৌধুরী সাহেবের আলাপ ব্যবহারে বেশ পরিবর্তন। রহিম মিয়ার ডাকও তেমন পড়ে না চৌধুরী বাড়িতে। প্রয়োজনে সাহায্য চাইতে গেলে চৌধুরী সাহেব এখন নানান অজুহাত তোলেন। বলেন রহিম মিয়া, দ্যাখ আমার বয়স হয়েছে; ছেলেরা বড় হচ্ছে, সংসারের খরচ বাড়ছে, সংসারের আয়-ব্যয়ে এখন তাদের মতামত শুনতে হচ্ছে। টাকা-পয়সা হাতেও রাখতে পারি নে। ব্যাংকে রাখতে হচ্ছে। আমি তোকে তো আর আগের মতো সাহায্য করতে পারছিনে রে। তোর যখন টাকার এত দরকার, এক কাজ কর, তুই বরং ব্যাংকে যা। ব্যাংকের ম্যানেজার আমার মেয়ের জামাই তাকে বলে দেব। রহিম মিয়া ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার বলেন চাচা, ব্যাংকের টাকায় সুদ অনেক। আমি কমাতে পারব না, আর কিছু বন্ধক বা কোলেটারাল না রেখে তো লোনই দিতে পারব না। আমি চাকরি করি। আমাকে তো নিয়ম-কানুনের মধ্যে চলতে হয়। দূরের আত্মীয় হিসেবে আগে আবদার করলে চৌধুরী সাহেব ধার-কর্জ মাফ করতে পারত। এখন ব্যাংক ম্যানেজার বলে মাফ করা তো দূরের কথা, সুদাসল যথাসময়ে শোধ না দিলে আরোপিত সুদ, দণ্ড সুদ বাড়তেই থাকবে।
রহিম মিয়া এতদিন চৌধুরী সাহেবের দয়া-দাক্ষিণ্য খাতির যতœ পেয়ে অনেকটা আলসেমী করে, বেহুদা খরচপাতি বাড়িয়ে নিজে তেমন একটা কিছু করেনি। সংসার তার বড় হয়েছে। আয়ের উৎস উপায় না বাড়লেও দায়দায়িত্ব বেড়েছে। সংসারে এখন তার সাহায্যের বেশি দরকার। ঠিক এ সময় চৌধুরী সাহেবের এই আচরণ আর সামান্য অর্থ লোন করতে গেলেও ব্যাংকের যা বাড়াবাড়ি তাতে রহিম মিয়ার চোখে শর্ষের ফুল দেখার মতো অবস্থা। বর্তমান বিশে^ সাহায্য প্রার্থী দরিদ্র দেশগুলোর অবস্থা এখন রহিম মিয়ার মতো। ব্যাংক এখন আন্তর্জাতিক আর্থিক সংস্থা। দরিদ্র দেশগুলোর দ্বিপাক্ষিক সাহায্য দেওয়ার চাইতে যেখানে ধনী দেশগুলো কিনছে শেয়ার, ফলে সেখানে বাড়ছে তার প্রতিনিধিত্ব এবং ব্যাংকের পরিচালনা বোর্ডে বাড়ছে প্রভাব। ব্যাংক বোর্ড সভার মাধ্যমে নানা শর্তারোপ করা সহজ সাহায্য প্রার্থী দেশগুলোর কাছে। প্রকারান্তরে নিয়ন্ত্রণ প্রয়াস। দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে দ্বিপাক্ষিক সম্পর্কের খাতির ও চক্ষুলজ্জার স্বার্থে কড়া কড়া কথা বলা যায় না যা বলানো যায় জাতিসংঘ, বিশ্ববাণিজ্য সংস্থা, আইএমএফ ও ব্যাংকের বেতনভুক কর্মচারীদের দিয়ে, যারা অধিকাংশই শেয়ারহোল্ডার দেশের মনোনীত। সাহায্যপ্রার্থী উন্নয়নশীল দেশগুলোকে যারা হাসতে হাসতে বলে We appreciate your problem, but...... যারা কথার মারপ্যাঁচে এটাও জানান দেয় যে, তোমার দেশের জন্য ক্ষতিকর হবে কিনা সেটা আমি জানিনে বাপু, এ শর্ত না মানলে তোমাকে অন্য কোনো সহায়তা দেওয়ার জন্যও বিবেচনা করা হবে না। প্রসঙ্গত, গত পাঁচ দশকে মাত্র আটটি দেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে নিজেদের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে পেরেছে। আগামী বছর এলডিসি থেকে উত্তরণের জন্য অপেক্ষায় রয়েছে আরও তিনটি দেশ, যে তালিকায় রয়েছে বাংলাদেশও। এলডিসি থেকে কোন দেশ বের হবে এ বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এ জন্য প্রতি তিন বছর পর এলডিসিভুক্ত দেশগুলোর মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকের যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়। এই মানদণ্ড সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। বাংলাদেশকে মানদণ্ড অতিক্রম করতে হলে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ৩২ পয়েন্ট বা এর নিচে থাকতে হবে। মানবসম্পদ সূচকে ৬৬ বা এর বেশি পয়েন্ট পেতে হবে। মাথাপিছু আয় ন্যূনতম এক হাজার ২৩০ মার্কিন ডলার থাকতে হবে। মাথাপিছু আয় হিসাবটি জাতিসংঘ করে অ্যাটলাস পদ্ধতিতে। সেখানে মূল্যস্ফীতিসহ বিভিন্ন বিষয় সমন্বয় করে তিন বছরের গড় হিসাব করা হয়। এর বিপরীতে বাংলাদেশের অবস্থান, ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়ায় দুই হাজার ৭৪৯ মার্কিন ডলার। মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান ৭২.৯, অর্থনৈতিক ভঙ্গুরতার মাত্রা ২৫ শতাংশে রয়েছে।
২০১৮ কিংবা ২০২২-২৩-এর বাংলাদেশের অবস্থান বর্তমানে মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতার এই তিন সূচক একই অবস্থানে নেই। সে সময়কার পরিসংখ্যান ও পরিস্থিতি ছিল ফুলানো ফাঁপানো। সে সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজনৈতিক বাহবা নিতে। সেই নিরিখে এ সময়ে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত যাতে আত্মঘাতী না হতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কারণ বাংলাদেশ ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে পারেনি। খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকে খেলাপি ঋণ পুনঃ তফসিল করতে এক হাজার ২০০ আবেদন জমা পড়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ৪০ শতাংশ। গ্যাসের অপর্যাপ্ততা, ব্যাংকঋণের উচ্চ সুদ শিল্পের সক্ষমতা কমিয়ে ফেলেছে। নির্বাচিত সরকার আসতে এখনো কিছুটা সময় বাকি, স্থিতিশীল হতেও। এ অবস্থায় উন্নয়নশীল দেশ হলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসবে (১) বৈশি^ক অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। (২) কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রাধিকারমূলক ও শুল্কমুক্ত সুবিধা পায়, তা আর পাবে না। (৩) এলডিসি হিসেবে দাতাদেশগুলো থেকে যে সহজ শর্তে ঋণ পায়, তা-ও বন্ধ হবে। (৪) প্রযুক্তি খাতে উন্নত দেশের প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রদত্ত বিভিন্ন সহায়তা ও প্রণোদনা প্রদান বন্ধ হবে। ওষুধ খাতে বড় একটি প্রভাব পড়বে। বর্তমানে বাংলাদেশ মেধাস্বত্ব কেনা ছাড়াই ওষুধের ফর্মুলা ব্যবহার করতে পারে। কিন্তু উন্নয়নশীল দেশ হলে বাংলাদেশকে প্রতিটি ওষুধ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট ফর্মুলার মেধাস্বত্ব কিনে নিতে হবে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে বহুগুণ। এর প্রভাব পড়বে খুচরা বাজারে। এসব আসন্ন অসুবিধার বিপরীতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পক্ষের যুক্তিগুলো (১) শত অসুবিধা থাকা সত্ত্বেও ভিক্ষার আশায় কি মানুষ বিত্তবান হওয়া বাদ দেয়?
স্বাধীনতার পর গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি হলো এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ। (২) কিছু দেশ ও অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যে শুল্কছাড় সুবিধা ২০২৯ সাল পর্যন্ত থাকবে। আর ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা থাকবে ২০৩৩ সাল পর্যন্ত। (৩) এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাবে। এর প্রভাবে কর্মসংস্থান বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, মূল্যস্ফীতি হ্রাস পাবে। পক্ষ-বিপক্ষের যুক্তি পর্যালোচনা করে বাস্তবতা হলো, বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের পথে থাকতে হবে এবং উত্তরণ ঠেকিয়ে রাখার বদলে প্রয়োজন হবে পূর্বপ্রস্তুতি, আত্মবিশ্বাস এবং নিজেকে গড়ে তোলার চেষ্টা দ্রুত এগিয়ে নেওয়া। এখানে কিছুটা সময় নেওয়ার প্রয়োজনীয়তা তা সর্বাগ্রে উঠে আসার অবকাশ রয়েছে। কেননা নিজে সক্ষমতা অর্জনকে ধোঁয়াশার মধ্যে রেখে আন্তর্জাতিক বাধ্যতামূলক চুক্তিতে গিয়ে পুরো অর্থনীতিকে ঝুঁকিমুক্ত করার ক্ষেত্রে হোঁচট খাওয়া অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। এলডিসি থেকে উত্তরণের জন্য আগামী ২০২৬-এর ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ যে সময় পাবে, সক্ষমতা অর্জনের জন্য আর্থ-সামাজিক রাজনৈতিক বোধনের এই টালমাটাল সময়ের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হবে কিনা অবশ্যই ভাবতে হবে। সে ব্যাপারে নির্বাচন-উত্তর সরকারের রাজনৈতিক প্রস্ততি, প্রতিশ্রুতি বা পরিকল্পনা স্পষ্ট হতে হবে। অতীতের রাজনৈতিক বাহবা পাওয়ার প্রয়াস ও প্রত্যাশাকে ভবিষ্যতে অর্থবহ করার প্রতিশ্রুতি ও পরিকল্পনা ব্যতিরেকে একটি দেশ ও অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন হবে কিনা সে বিবেচনার ভার সবাইকে নিতে হবে। ২০১৮ এবং ২০২৩-এ যে সূচকের সাফল্য সূত্রে উত্তরণের এই বিবেচনা অন্তত সূচকগুলো সে পর্যায়ে বাস্তবে নিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সময় নেওয়াই সমীচীন। অতি প্রতিযোগিতামূলক বিশে^ নিজেকে সক্ষম সবল অবস্থানে নেওয়ার ক্ষেত্রে ডিম আগে না মুরগি আগের সমীকরণ সন্ধানে থাকা যৌক্তিক হবে না।
লেখক: উন্নয়ন অর্থনীতি বিশ্লেষক