আয়ারল্যান্ড সিরিজে দারুণ পারফর্মেন্স করে আইসিসির নভেম্বর মাসের সেরা সংক্ষিপ্ত তালিকায় নাম তুলেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। ওই সিরিজের দুই টেস্টে তিনি ১৩ উইকেট শিকার করেছিলেন। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। বাংলাদেশ দলও আইরিশদের দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছিল।
তাইজুল এই সিরিজে দারুণ এক কীর্তি গড়েছেন। সাকিব আল হাসানকে পেছনে ফেলে হয়েছেন টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী। তাছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। আজ শুক্রবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে লেখা হয়, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’
আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় তাইজুলের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার ও পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নেওয়াজ। গত মাসে ভারতকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ১৭ উইকেট নিয়েছিলেন হারমার। অন্যদিকে পাকিস্তানের ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জয়ে সর্বোচ্চ ১০ উইকেট নেন নেওয়াজ।
মেয়েদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং ও আরব আমিরাতের এশা ওজা। গত ২ নভেম্বর মেয়েদের বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি। মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট নেন থাই স্পিনার থিপাচা। আর ওজা গত মাসে ৭ টি–টোয়েন্টি ম্যাচ খেলে ১৩৭.৫০ স্ট্রাইকরেটে ১৮৭ রান করেন।
অদ্ভুত কারণে খেলা শুরুর আগেই লাল কার্ড দেখলেন ফুটবলার!
রোহিত-কোহলিকে নিয়ে এসব বন্ধ করুন- শাস্ত্রীর হুঁশিয়ারি
১৩০ কিলোমিটার গতির পেনাল্টি শটে চমকে দিলেন সার্বিয়ান গোলকিপার