ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নং ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে প্রবাসী লিয়াকত আলীর বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত আয়েশা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থলে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে লেখা ছিলো, ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।’

জানা যায়, দুই বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সাথে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

নিহত আয়েশার পিতা প্রবাসী ফারুক অভিযোগ করেন, দাম্পত্য কলহের জেরে আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ আত্মহত্যার লক্ষণ মনে হচ্ছে। অধিকতর তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত