মার্কিন মুসলিম অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন সিএআইআর-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের গভর্নর রন ডেস্যান্টিস। সোমবার (৮ ডিসেম্বর) তিনি এই নির্বাহী আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এর আগে টেক্সাসের রিপাবলিকান গভর্নরও একই সিদ্ধান্ত নেন। দু'টি রাজ্যের ঘোষণাকেই সিএআইআর অসাংবিধানিক ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং আইনি পথে চ্যালেঞ্জ করেছে।
ডেস্যান্টিস এক পৃথক পোস্টে জানান, ফ্লোরিডা আইনসভা শরিয়া আইন ঠেকাতে আইন প্রণয়নে কাজ করছে এবং তিনি আশা করেন এই উদ্যোগের মাধ্যমে সিএআইআর ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সুরক্ষা বিধান করা যাবে।
নতুন ঘোষণার ফলে দুই সংগঠনের ওপর রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়বে এবং তাদের আর্থিক ও সামাজিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হবে। ডেস্যান্টিসের দাবি সিএআইআর মুসলিম ব্রাদারহুডঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত এবং সংগঠনটি বিশ্বজুড়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে; যদিও এসব দাবির কোনও প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
ফ্লোরিডার আদেশ অনুযায়ী, রাজ্যের কোনও নির্বাহী বা মন্ত্রিসভা-সংস্থার চুক্তি, চাকরি বা অর্থায়ন সিএআইআর এবং মুসলিম ব্রাদারহুড বা তাদের সমর্থকদের দেওয়া যাবে না।
উল্লেখ্য, মার্কিন ফেডারেল সরকার সিএআইআর বা মুসলিম ব্রাদারহুড কোনোটিকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখাগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।
