বাড়ির মালিক বকেয়া ভাড়া চাওয়ায় তাকে হুমকি প্রদান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অশোভন আচরণ করায় বগুড়া জেলা কারাগার থেকে দুই কারারক্ষীকে কুড়িগ্রাম ও ঝিনাইদহ কারাগারে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ। গত ৮ ডিসেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কারারক্ষীরা হলেন রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ। এদের মধ্যে রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলা কারাগার ও আব্দুল্লাহকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়।
জানা গেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করতেন না। বকেয়া টাকা চাইলে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। অপরদিকে কারারক্ষী রফিকুল ইসলাম গত ৭ মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তিনি বিভিন্ন সময় কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অশোভনীয় আচরণ করতেন।
