গাজায় ভারী বৃষ্টিতে হাজার হাজার শরণার্থী তাঁবু প্লাবিত হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যার পর এ অঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ আবারও বাড়লো।
বুধবার (১০ ডিসেম্বর) ভোরে বায়রন নামক ঝড়ের আগমনী বৃষ্টিতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল ভিডিওবার্তায় এই আশু মানবিক দুর্যোগ নিয়ে সতর্ক করেছেন।
গাজার বেশিরভাগ পৌর নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, বন্যার পানি আবর্জনার সঙ্গে মিশে কলেরা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। আবর্জনা সংগ্রহও প্রায় বন্ধ থাকায় চিকিৎসা বর্জ্য,প্লাস্টিক,পশুর মৃতদেহ ও ধ্বংসাবশেষ আশ্রয়স্থলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বাসিন্দাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পানিও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পানির নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় বন্যার পানি অনেক এলাকায় জমে থাকতে পারে। বাসাল উল্লেখ করেছেন, গাজার ২৪ লক্ষ মানুষের চাহিদা পূরণে ত্রাণ এখনও যথেষ্ট নয়। প্রায় ৩,০০,০০০ তাঁবু ও প্রিফ্যাব্রিকেটেড ইউনিটের প্রয়োজন, যা মৌলিক আশ্রয় সরবরাহ করতে সহায়ক হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
