ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট পৌরবাজার রেলগেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পূর্ব পাশে রেলসীমানা জুড়ে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে প্রশাসন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়।
এ উচ্ছেদ অভিযানে অংশ নেন বিভাগীয় স্টেট অফিসার মো. খোরশেদ আলমের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানকালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার উপস্থিতিতে ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করে একে একে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
এদিকে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ, তাদের কোনো ধরনের পূর্ব নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ উচ্ছেদের ফলে মালামাল সরানোর সুযোগও পাননি অনেকে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
এ বিষয়ে রেলওয়ে স্টেট অফিসার খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল রেলওয়ের জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া তুলছিল।
কয়েক দফা লিখিত নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থান ছাড়েননি। রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালাতে হয়েছে।
তিনি আরও জানান, রেলওয়ের জমি দখলমুক্ত করতে সারা দেশেই ধারাবাহিকভাবে এমন অভিযান চলবে।
