রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানিয়েছেন, উদ্ধারের পর শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সে বেঁচে আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আশাবাদী।
উদ্ধার শেষে সাজিদকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরে তেমন ক্ষত নেই। সে এখন অচেতন অবস্থায় রয়েছে। চিকিৎসকের সিদ্ধান্ত জানার পর ফায়ার সার্ভিস পরবর্তী বক্তব্য দেবে বলে জানিয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল।
সাজিদের মা জানতেন না, খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে তিনি ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।
ঘটনাস্থলে ভিড় করেন হাজারো উৎসুক জনতা। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা। সন্তানকে ফিরে পাওয়ার আশায় চলতে থাকে বিরামহীন কান্না ও দোয়া।
দুর্ঘটনার পরপর শিশুটির সাড়াশব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়; যা উদ্ধারকর্মীদের শঙ্কিত করে তোলে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে সন্ধ্যায় লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন, গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে জীবিত বা মৃত-যে অবস্থায়ই হোক, শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
