৪০ মিনিট অপেক্ষা করে পুতিন-এরদোয়ানের বৈঠকে গেলেন শেহবাজ শরীফ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম

তুর্কমেনিস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ আরও বেশ কয়েকজন বিশ্বনেতা। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি নেতাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের মধ্যবর্তী সময়েই নির্ধারিত ছিল রুশ প্রেসিডেন্ট পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি বৈঠক। তার আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এরদোয়ান ও পুতিন। 

সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়ার তথ্যমতে, এ বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হয়। পাশের কক্ষে অপেক্ষমাণ শেহবাজ শরীফ প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করতে করতে কিছুটা অস্বস্তি ও বিরক্ত অনুভব করেন বলে জানায় মাধ্যমটি।

আরটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অপেক্ষার পর শেহবাজ শরীফ এরদোয়ান-পুতিনের রুদ্ধদ্বার আলোচনার কক্ষে প্রবেশ করেন। তাঁকে ভেতরে যেতে আমন্ত্রণ জানানো হয়েছিল নাকি তিনি নিজ উদ্যোগে প্রবেশ করেন—সেই অংশটি পরিষ্কারভাবে উল্লেখ করেনি গণমাধ্যমটি।

এদিকে সম্মেলনের আয়োজক তুর্কমেনিস্তান ৩০ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটিকে নিরপেক্ষতার মর্যাদা দেয়। নিরপেক্ষ দেশ হিসেবে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া, আত্মরক্ষার বাইরে কোনো বৈদেশিক সংঘাতে সম্পৃক্ত না হওয়া এবং নিজ ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন না করার নীতি অনুসরণ করে আসছে।

সূত্র: আরটি ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত