যুব এশিয়া কাপে আজ শনিবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে আফগানিস্তান। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন আফগান টপ অর্ডার ব্যাটসম্যান ফয়সাল শিনোদা। এই সেঞ্চুরি দিয়েই তিনি স্পর্শ করেছেন যুব ওয়ানডেতে এক দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৪ বলে ১০৩ রান করেন ফয়সাল। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৮টি চারের মার। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে এটি ফয়সালের তৃতীয় সেঞ্চুরি। যুব ওয়ানডেতে কোনো দেশের বিপক্ষে এর চেয়ে বেশি সেঞ্চুরি কেউ করতে পারেননি।
এই রেকর্ডে ফয়সালের সঙ্গী তাওহীদ হৃদয়, শুবমান গিল এবং সামি আসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে তিন সেঞ্চুরি করতে হৃদয়ের লেগেছিল ১০ ইনিংস। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে আট ইনিংসে ৩ সেঞ্চুরি করেন ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুবমান গিল। পাকিস্তানের সামি আসলাম ভারতের বিপক্ষে তিন সেঞ্চুরি করেন ৬ ইনিংসে।
যুব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামলেই সেঞ্চুরি করছেন ফয়সাল খান। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৬৮.১৬ গড়ে ফয়সালের সংগ্রহ ৪০৯ রান। সর্বোচ্চ ১১২। আরেকটি আছে ১০০ রানের ইনিংস। এখন দেখার, বাংলাদেশ জয় দিয়ে ফয়সালের এই বিশেষ উপলক্ষকে ম্লান করতে পারে কিনা।
ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা চাকমা
বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ চাইলেন তাওহীদ হৃদয়