২৮৪ তাড়া করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। সেই মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। ২৮৪ রান তাড়া করে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ ৭ বল বাকি থাকতে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষেই ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারতীয় যুবারা।

সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের লক্ষ্যে ৬ উইকেটে জিতেছিল তারা। 

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৫ ওভারের মধ্যে একশ রান করে ফেলে তারা। শেষ পর্যন্ত ১৬০ বলে ১৫১ রান করে ভাঙে ডানহাতি-বাঁহাতি ব্যাটারের উদ্বোধনী জুটি। এই জুটিই জয়ের ভীত গড়ে দেয়। ৬৮ বলে ৫ চার আর দুই ছক্কায় ৬২ রান করে রিফাত বেগ ফিরলে জুটি ভাঙে। দারুণ ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জাওয়াদ। তিনি ১১২ বল খেলে ১২টি চার আর ৬ ছক্কায় ৯৬ রান করে ফেরেন। দুই ওপেনারের বিদায়ের পর চতুর্থ উইকেটে অধিনায় আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকির ৬৬ রানের জুটিতে দুইশো পেরোয় বাংলাদেশ। ৩৬ বলে ২৯ রান করে ফেরেন কালাম। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৪৮ রান।

দলীয় ২৪৯ রানে তামিমের বিদায়ের পর ৩০ বলে ৩১ দরকার হলেও দল কিছুটা চাপে পড়ে। ৪৬তম ওভারে আব্দুল্লাহ (২) ও সামীউন বশির (১) আউট হলে হারের শঙ্কা জাগে। তবে রিজান খানের ১৩ বলে অপরাজিত ১৭ আর পারভেজ হোসেন জীবনের ১৩ রানে জয় পায় বাংলাদেশ।

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা তিনশোর কাছাকাছি সংগ্রহ পায় ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে, ৯৪ বলে ১০৩ রান করেন শিনোজাদা। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।

'বি' গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, নেপালের বিপক্ষে। আজ অপর ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৮২ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল 'এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত