গতবার প্রথমবারের মতো ছেলেদের বিগব্যাশের শিরোপা জিতেছিল হোবার্ট হারিকেন্স। তার দশ মাসের মধ্যে হারকেন্সের মেয়েরাও জিতলো বিগব্যাশ শিরোপা। লিজেল লির দুর্দান্ত অপরাজিত ৭৭ রানে ভর করে ফাইনালে পার্থ স্কর্চার্সকে আট উইকেটে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে দলটি।
মেয়েদের লিগ শেষ হওয়ার পরদিন, রবিবার থেকে শুরু হচ্ছে ছেলেদের বিগব্যাশ। এবার হোবার্ট হারিকেন্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
শনিবার হোবার্টের নিনজা স্টেডিয়ামে ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় নামা হারিকেনস শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ওপেনার লিজেল লি ৪৪ বলে ১০টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন। তার সঙ্গে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট, যিনি ২৭ বলে ৩৫ রান যোগ করেন। শেষ পর্যন্ত নিকোলা ক্যারি কাভার দিয়ে চার হাঁকিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, হাতে রেখে যান পুরো পাঁচ ওভার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও স্কর্চার্স খুব বেশি দূর এগোতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৭ রান। ইংল্যান্ডের স্পিনার লিন্সি স্মিথ দুর্দান্ত বোলিং করে ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন দুটি উইকেট। অধিনায়ক সোফি ডিভাইন করেন ২৯ বলে ৩৪ রান, বেথ মুনি ২৬ বলে ৩৩ রানে থামেন। শেষদিকে পেইজ স্কলফিল্ড অপরাজিত ২৭ করলেও দলকে লড়াইয়ের পুঁজি দিতে পারেননি।
ম্যাচ শেষে আবেগাপ্লুত হারিকেনস অধিনায়ক এলিস ভিলানি বলেন, “এটা সত্যিই রূপকথার মতো। খুব গর্বিত সবাইকে নিয়ে, তাসমানিয়ার জন্য এটা বিশেষ এক মুহূর্ত।”
২৮৪ তাড়া করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ