রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ‘হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ওই ঘটনার দিনই সালাহউদ্দিন আম্মারকে হুমকি দেওয়ার বিষয়টি সামনে আসে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে ৯ নভেম্বর ‘ড্যাল্টন সৌভত হীরা’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক উসকানিমূলক পোস্টে লেখা হয়, ‘১৩ তারিখের মধ্যে কিছু মানুষের পাওনাটুকু যেন বুঝিয়ে দেওয়া হয়। যদি তারা সাহস করে বের হয়- হাদি একজন, সালাহউদ্দিন আম্মার একটা, এনসিপির কয়েকজনসহ আরও অনেকে।’ ওই পোস্টের পর থেকেই সালাহউদ্দিন আম্মারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

সাম্প্রতিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে ইঙ্গিত করে আসাদুল্লা-হিল-গালিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘দয়া করে আমার ক্যাম্পাসের ছেলেটাকে কেউ কিছু করবেন না। ওটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।’

পরবর্তী অংশে তিনি আরও লেখেন, ‘ছোটভাই, প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।’

এ পোস্টের মন্তব্য ঘিরে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু মন্তব্য করেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, যেন ওকে বাঁচিয়ে রাখে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চলবে। হাদীর প্রতিটি ফোঁটা রক্তে বিপ্লবের ইতিহাস লেখা হবে। আল্লাহর জান আল্লাহ নেবে, আমি আটকানোর কে?’

রোববার (১৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাইয়ের তিন মাস পর থেকেই কল, মেসেজ ও ই-মেইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এক পোস্টে হাদি ভাইয়ের পর আমাকে টার্গেট করা হয়েছে। কিছুটা নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে আমরা যে পথ বেছে নিয়েছি, সেখানে হুমকি আসবেই। এগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত