মেডিকেল ভর্তির ফল আজ, জানা যাবে যেভাবে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন শনিবার বিকেলে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরি করা হয়েছে। আজ রবিবার দুপুরের পর ফল প্রকাশ করব আমরা।

ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন না করার কথা জানিয়ে ডিজি বলেন, গতবারও ফল এভাবেই দেওয়া হয়েছিল, এবারও তেমনই হবে। ফলাফল সরাসরি অনলাইনে পাওয়া যাবে এবং প্রত্যেক পরীক্ষার্থীর ফল তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করা হবে।

ফলাফল দেখার নিয়ম

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (https://dghs.gov.bd/) গিয়ে খুব সহজেই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে।

প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করতে হবে। নির্ধারিত স্থানে অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিতে হবে। ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়া যাবে।

মেরিট লিস্টের পিডিএফ

স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে https://result.dghs.gov.bd/ এই লিংকে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার মেডিকেল পরীক্ষা বর্ধিত সময়ে অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মোট আসন ৭ হাজার ৪০৬টি-এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। অর্থাৎ সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন দাঁড়াচ্ছে ১৩ হাজার ৫১টি, যেখানে এমবিবিএসের আসন ১১ হাজার ১০১ এবং বিডিএসের আসন ৯৫০টি।

এই ১৩ হাজার ৫১টি আসনের বিপরীতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। হিসাব অনুযায়ী আসনপ্রতি প্রতিযোগী প্রায় ৯ জন (নির্দিষ্টভাবে ৯ দশমিক ৪)। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত