অধিনায়ক হয়েই জাতীয় দলে ফিরলেন সাবিনা খাতুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

জাতীয় দলে অধিনায়ক হয়েই ফিরলেন সাবিনা খাতুন। তবে সেটা ফুটসাল সংস্করণে। আগামী বছর প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য গতকাল শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে স্থান পেয়েছেন সাবিনা খাতুন ও মাসুরা পারভীনদের মতো অভিজ্ঞ ফুটবলাররা।

২০২৪ উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর জাতীয় দলের কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাদ পড়েছিলেন সাবিনারা। এবার ফুটসাল দলে তার সঙ্গে আছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো পরিচিত নাম।

একই সঙ্গে ২০২২ সালের উইমেনস সাফজয়ী দলের সদস্য মার্জিয়া ও মিশরাত জাহান মৌসুমীও ফিরেছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। ২০১৮ সালে সাবিনার নেতৃত্বেই থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। যদিও সে সময় তিন ম্যাচেই নিতে হয়েছে পরাজয়ের স্বাদ।

প্রাথমিক ফুটসাল দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত