এবারো সাবিনাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

২৫ জানুয়ারি থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সাফজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন এবারও ছিলেন নের্তৃত্বে। আরেকটি শিরোপা জয়ের ইতিহাস গড়ে সাবিনারা বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের মাটিতে পা রাখবেন। সন্ধ্যা ছয়টায় তাদের বহনকারী বিমানের ঢাকায় নামার কথা রয়েছে। এবারও শিরোপাজয়ীদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। ২০২২ ও ২০২৪ সাফ জয়ের পর বিমানবন্দর থেকে যেভাবে মেয়েদের ছাদখোলা বাসে শিরোপা নিয়ে র‌্যাম্প করার সুযোগ দেওয়া হয়েছিল এবারও হচ্ছে তেমনটা। 

২০২৪ সালে ছাদখোলা বাসে চড়ে সাফজয়ীরা এসেছিলেন রাজধানীর হাতিরঝিলে এম্ফি থিয়েটারে। বাফুফে এবারও চাইছে সাফ ফুটসালজয়ীদের সেখানেই নাগরিক সংবর্ধনা দিতে। তবে এম্ফি থিয়েটার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি বাফুফে। যদি শেষ পর্যন্ত হাতিরঝিল না হয়, তবে দলকে নেওয়া হবে বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ও দলের ম্যানেজার ইমরানুর রহমানের ব্যক্তিগত ফুটসাল গ্রাউন্ড আইএম১০ এরেনায়।  

সাত জাতি আসরে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তানকে হারানো বাংলাদেশ কেবল পয়েন্ট খুইয়েছিল ভুটানের কাছে। বাংলাদেশের এই সফল অভিযানে সামনে থেকে নের্তৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা। ২০২২ সাফের মতো এই আসরেও সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ছয় ম্যাচে বাংলাদেশের করা ৩৮ গোলের ১৪টি করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। এছাড়া সতীর্থদের বেশিরভাগ গোলেই ছিল অবদান। আসরে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড গড়ার পথেও ছিল সাবিনার ভূমিকা। নিচে নেমে নিয়মিতই ডিফেন্স সামলেছেন তিনি। তাই আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই আসরের সেরা খেলোয়াড় তিনিই। 

আনুষ্ঠানিক স্বীকৃতি না মেলায় কষ্ট নেই সাবিনার। বরং ২৫ জানুয়ারির পর থেকে দেশের ফেরার আগ পর্যন্ত অনূজ সতীর্থদের নিয়ে ব্যাংককে দারুণ সময় কাটাচ্ছেন সাবিনা। দলের ম্যানেজার ইমরানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে শিরোপাজয়ী নারী ফুটসাল দল পর্যটকদের জন্য স্বর্গখ্যাত ব্যাংককের সাগরপাড়ে পেয়েছেন দারুণ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ। যার বিভিন্ন সময়ের ছবি এখন ঘুড়ছে যোগাযোগ মাধ্যমে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত