থাইল্যান্ডে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে বছরের শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের বিস্তারিত পরিকল্পনার খসড়া প্রস্তুত করে তা কমিশনারের কাছে পাঠানো হয়েছে। কমিশনার প্রস্তাব অনুমোদন করায় ৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি আগাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে ভূমজাইথাই দলের নেতা আনুতিন চারণভিরাকুল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে তাঁর পূর্বসূরিকে পদ ছাড়তে হয়। সর্বশেষ গত শুক্রবার আনুতিন পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিলে নতুন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
থাইল্যান্ডের আইন অনুযায়ী সংসদ বিলুপ্ত হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন বাধ্যতামূলক।
এদিকে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক মাস ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিকভাবে রক্ষণশীল হলেও আনুতিন গাঁজার চাষ ও ব্যবহার বৈধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। বর্তমানে জোট সরকারের সমর্থনে তিনি ক্ষমতায় রয়েছেন। গত দুই বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি তিনজন প্রধানমন্ত্রী দেখেছে।
