সৌদিতে ভোটার বাড়ানোর উদ্যোগ জেদ্দা কনসুলেটের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

মোবাইল অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোটিং পদ্ধতি সর্ম্পকে প্রবাসীদের সচেতন করতে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি ও সাংবাদিক সংগঠনের নেতাদের সহায়তায় সাধারণ প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগের নিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা।

বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) মক্কা মিসফালায় বাংলাদেশ হজ্জ মিশন কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে কনসুলেট। অনুষ্ঠিত সভায় আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

সভায় কাউন্সেলর এএসএম সায়েম জানান, কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নির্দেশনায় ইতোমধ্যে মক্কা-মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিতে কনস্যুলেট টিম সক্রিয়ভাবে কাজ করছে। ভোট নাগরিক অধিকার ও পবিত্র আমানত।

তিনি উপস্থিত সবাইকে প্রবাসীদের ভোট প্রদানে অ্যাপসে রেজিস্ট্রশন করতে উৎসাহিত করতে এবং ভোটের গোপনীয়তা রক্ষার্থে ভোট দানের পর ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সবাইকে সচেতন করারও আহ্বান জানান। ভোটের গোপনীয় লঙ্ঘন করলে ভোটারের এনআইডি ব্লকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সচতেন করেন।

এ সময় প্রবাসীদের ‘পোস্টাল ভোট বিডি’ এ্যপসে রেজিষ্ট্রেশন সহ ভোটদানের পদ্ধতির একটি ভিডিও এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

কাউন্সেলর এ এস এম সায়েমের তত্ত্বাবধানে ও পরিচালনায় সভায় মক্কা প্রবাসী কমিউনিটি, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দলের নেতারাসহ সাধারণ রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিকরা অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত