লক্ষ্মীপুরে ইসলামি আন্দোলন ও বিএনপির সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় স্টার নিউজের প্রোগ্রামে ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় ইসলামি আন্দোলন ও বিএনপির মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রাথীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল। এসময় ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে উঠে দলটির সমর্থকরা।

এনিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামি আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন। এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি প্রার্থীরা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত